খালেদা জিয়ার বিরুদ্ধে আরও চার মামলায় ডাক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়া চারটি মামলারই পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। মামলার সঙ্গে সম্পৃক্ত আইনজীবীরা বলছেন, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে মামলাগুলোর তারিখ ধার্য আছে। তাকে এসব মামলায় হাজির হতে হবে।

আইন বিশ্লেষকরা বলছেন, যেহেতু খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন এবং আদালত সে বিষয়ে অবহিত, ফলে এসব মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে নিতে হবে। কারণ, মামলাগুলোতে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়া চারটি মামলার মধ্যে নাশকতা ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় একটি, মানহানির মামলায় নড়াইলে একটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে এবং ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকার পৃথক দুটি আদালতে দুটি মামলা রয়েছে।

বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় দায়ের করা মামলায় আগামী ২৫ ফেব্রুয়ারি পরবর্তী হাজিরার দিন ধার্য রয়েছে। নড়াইলে মানহানির মামলায় পরবর্তী হাজিরার দিন আগামী ২৫ মে। ঢাকায় যে দুটি মামলা রয়েছে, তার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগের মামলাটিতে ১৪ মার্চ এবং খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ২৫ ফেব্রুয়ারি হাজিরার দিন রয়েছে।

যেসব মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেসব মামলায় তাকে হাজির করতে হলে গ্রেফতার দেখাতেই হবে উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, তিনি যদি হাজির হওয়ার তারিখ পর্যন্ত কারাগারে থাকেন, তাহলে তাকে আদালতে হাজির করার সময় গ্রেফতার দেখাতে হবে৷

আইনজীবী মনজিল মোরশেদ বলেন, উনিতো (খালেদা জিয়া) কোনও অচেনা ব্যক্তি না। তিনি যে এখন কারাগারে রয়েছেন, সেটি আদালত অবহিত আছেন। কারাগারে থাকার সময় কোনও মামলার তারিখ পড়লে অবশ্যই শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে নিতে হবে।