সিলেট নিউজ বিডি ডেস্কঃ দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জয় লাভ করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুর শেরে-ই-বাংলায় বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা স্বল্প ওভারের ম্যাচ টি-২০ ক্রিকেটে স্বাগতিকদের সর্বোচ্চ ইনিংসও বটে।
টাইগারদের পাহাড়সম রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই খেলা শেষ করে শ্রীলঙ্কা। ১৬.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
টাইগারদের এতবড় সংগ্রহ দেখে হয়তো অনেকে ভেবেছিল আজ কোনভাবেই জিততে পারবে না সফরকারীরা। কিন্তু হায় একি হলো, বাংলাদেশের ঝড়ো ইনিংসের পর উল্টো টর্নোডো ইনিংস খেলে দিল লঙ্কানরা।
সফরকারীদের বিপক্ষে রেকর্ডময় ইনিংসের পর বাংলাদেশের হারকে কে কিভাবে বিশ্লেষণ করছে জানা নেই। তবে লজ্জাজনক পরাজয়ের পর ম্যাচ শেষে হারের পেছনে সরাসরি বোলারদের দায়ী করেছেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। তার সোজা-সাপ্টা কথা, কেন হেরেছি সবাই দেখতে পেরেছে। মূলত বোলারদের ব্যর্থতায় আমাদের ভরাডুবি। তার যুক্তি, এই উইকেটে হয় ইয়র্কার মারতে হবে, না হয় বাউন্সিং বল করতে হবে। কিন্তু আমাদের বোলাররা সেই কাজটি করতে পারেনি।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচটিতে মাত্র দুই ওভার বোলিং করে ৩৩ রান দেন পেসার অলরাউন্ডার সাইফুদ্দিন। যা বেশ দৃষ্টিকটু এবং ব্যাপকভাবে সমালোচিত। এ নিয়ে মাহমুদউল্লাহ’র যুক্তি, ব্যাপারটি মোটেও দৃষ্টিকটু ছিল না। সে একদিন ঠিকই বাংলাদেশ উইন করবে। কারণ ক্রিকেটাররা খেলতে খেলতেই শিখে। যত তাড়াতাড়ি যে ভুলগুলো করছে সেগুলো শুধরাতে পারলে তার জন্য ভালো, টিমের জন্যও ভালো। এছাড়া আমি হারের জন্য তার ঘাড়ে দোষ দেব না।
Sylhetnewsbd Online News Paper