ভাবনার না জানা গুণের কথা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে কয়েক দিন আগেই বড় পর্দায় অভিষেক ঘটে আশনা হাবিব ভাবনার। এখন তিনি নাটকের কাজেই ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রে কোনো অফার না থাকায় খন্ড নাটকেই সময় দিচ্ছেন।

তবে নতুন খবর হচ্ছে, এই অভিনেত্রীর আরো একটি গুণ আছে। যে গুণের কথা অনেকেই জানতেন না। সেটি হল ছোট পর্দার এই অভিনেত্রী কিন্তু লেখিকা। প্রথমবারের মতো লিখলেন উপন্যাস। এই উপন্যাসের শিরোনাম ‘গুলনেহার’। ৮৭ বছর বয়স্ক এক নারীর বর্তমান ও অতীত স্মৃতির ভেতর ভ্রমণ করে উপন্যাসটি রচনা করেছেন তিনি।

একুশে গ্রন্থ মেলায় আসা অভিনেত্রী ভাবনাকে তাই লেখিকা হিসেবেই পোজ দিতে হয়েছে ভক্তদের সঙ্গে। কেউ বলছেন, ‘আপু একটু এদিকে তাকান একটা ছবি নেব।’ কেউ বলছেন, সেলফি নিতে পারি। এ রকম একের পর এক ভক্তের আবদারের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

এসময় গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে চাননি ভাবনা। বললেন, ‘মেলায় আছি। মেলাটা এনজয় করতে চাই। এখন ইন্টারভিউ না।’ মেলা কেমন কাটছে জানতে চাইলে তাড়াহুড়োর স্বরে তিনি বলেন, ‘খুব ভালো। খুব ভালো।’

নিজের প্রথম উপন্যাস ‘গুলনেহার’-এর প্রসঙ্গে ভাবনা বলেন, পাঠকরাই উপন্যাসটি পড়ে সব আবিষ্কার করবেন বলে আমি আশা করি।