‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন জয়া

সিলেট নিউজ বিডি ডেস্ক: দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জিতে নিয়েছেন ভারতের সম্মানজনক পুরস্কার ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’। এই প্রতিযোগিতায় সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। জিতে নিলেন সেরা পুরস্কারটি।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (পূর্ব)’ এর আসর বসে। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি অভিনেত্রী এমন সম্মান অর্জন করলেন।

‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন জয়া। শুধু তাই নয়, এই আসরে সেরা চলচ্চিত্রও হয়েছে ‘বিসর্জন’। এছাড়া ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।

পুরস্কার জয়ী জয়া বলেন, ‘পুরস্কার অর্জনের চেয়ে বড় কথা হচ্ছে কলকাতার মানুষের ভালোবাসা। যে ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য আরো বেশি আনন্দের। এছাড়া বাংলাদেশের মানুষের ভালোবাসা তো আছেই। দুই বাংলার মানুষের ভালোবাসায় ফিল্মফেয়ারের মতো আসরে সেরা অভিনেত্রী হলাম, এটা অনেক গর্বের বিষয়।’

উল্লেখ্য, এর আগেও জয়া আহসান ‘আবর্ত’ ও ‘ঈগলের চোখ’ ছবির জন্য জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (পূর্ব) মনোনয়ন পেয়েছিলেন।

এছাড়া বাংলাদেশ থেকে এবারের আসরে আরো মনোনয়ন পেয়েছিলেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সঙ্গীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছিলেন সুমী। আর একই ছবির আবহসঙ্গীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন।