দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

সিলেট নিউজ বিডি ডেস্ক: আফ্রিকান সাফারিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় এখনও অধরা বিরাটদের। বুধবার দ্বিতীয় ম্যাচে ভারতকে ছ’ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা (১-১) ফেরাল দক্ষিণ আফ্রিকা। সুপারস্পোর্ট পার্কের বাইশ গজে ১৮৯ রান তাড়া করে ৮ বল বাকি থাকতেই মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী।

পান্ডে-ধোনি যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করে দলকে জেতান ক্লাসেন-ডুমিনি৷ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্রুত দু’ উইকেট হারালেও তৃতীয় উইকেটে মাত্র ৪৯ বলে ৯৩ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ক্লাসেন ও ডুমিনি। ৩০ বলে ৬৯ রানের ধামাকাদার ইনিংস খেলে দলকে জেতান ক্লাসেন। সাতটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো ক্লাসেনের ইনিংস প্রোটিয়াদের সিরিজে বাঁচিয়ে রাখে। ২৩০ স্ট্রাইক-রেটে ম্যাচের সেরা পুরস্কারটা পান্ডের কাছ থেকে ছিনিয়ে নেন ২৬ বছর বয়সী হেনরিক ক্লাসেন। ৪০ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া ক্যাপ্টেন ডুমিনি।

এর আগে প্রথম ব্যাটিং করে পান্ডে ও ধোনির যুগলবন্দিতে প্রোটিয়াদের সামনে ১৮৯ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। প্রথম ছ’ ওভারে (পাওয়ার প্লে) তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে টেনে তোলেন মানেষ পাণ্ডে। তার বিশাল ছক্কাগুলো আছড়ে পড়ে সুপারস্পোট পার্কের গ্যালারিতে। অভিজ্ঞ ধোনিকে সঙ্গে নিয়ে স্বপ্নের ইনিংস খেলেন পান্ডে। ৪৮ বলে ছ’টি বাউন্ডারি ও ৩টি ছক্কা-সহ ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ডানহাতি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দর্শকদের ধামাকা উপহার দেন ধোনিও। ২৮ বলে চারটি চার ও তিনটি ছক্কা-সহ ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ফলে পান্ডের বিধ্ধংসী ও ধোনি ধামাকায় ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৮৮/৪ (ধাওয়ান ২৪, রোহিত ০, রায়না ৩১, কোহলি ১, পান্ডে ৭৯*, ধোনি ৫২*; মরিস ০/৪২, ডালা ২/২৮, প্যাটারসন ০/৫১, দুমিনি ১/১৩, শামসি ০/২৪, ফেলুকওয়ায়ো ১/১৫, স্মাটস ০/১৫)

দক্ষিণ আফ্রিকা: ১৮.৪ ওভারে ১৮৯/৪ (হেনড্রিকস ২৬, স্মাটস ২, দুমিনি ৬৪*, ক্লাসেন ৬৯, মিলার ৫, বেহারডিন ১৬*; ভুবনেশ্বর ০/১৯, ঠাকুর ১/৩১, উনাদকাট ২/৪২, পান্ডিয়া ১/৩১, চেহেল ০/৬৪)

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

জোহান্সবার্গে সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। আর সেঞ্চুরিয়নে জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা৷