মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না: প্রধানমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তার অবস্থা এখন অনেকটা ভালো। কিন্তু যে হামলাটা হলো, যারা হামলা করলো, এরা কারা? যারা এ ঘটনাগুলো ঘটায়, তারা ধর্মান্ধ হয়ে গেছে। তারা ভাবে যে, তারা বেহেশতে যাবে কিন্তু আসলে তারা হয়তো দোজখে যাবে। কারণ মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞানী ও গবেষণায় অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সন্তানদের প্রতি বাবা-মা ও শিক্ষকদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। ছেলেমেয়েরা কী করছে তা জানতে হবে। শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকেও সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। আরও সহনশীল হতে হবে। আমাদের সন্তানরা অনেক মেধাবী। একটু সহায়তা পেলেই তারা অনেক কিছু করতে পারে।