সিলেট নিউজ বিডি ডেস্কঃ যারা এতিমের টাকা চুরি করে, আগুন দিয়ে মানুষ পোড়ায়, তারা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।
যে দেশে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসে, সে দেশের কি উন্নয়ন হয়- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫-এর ১৫ আগস্টের পর স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসে। যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা করে ক্ষমতায় বসানো হয়েছিল।
তিনি আরও বলেন, যেখানে তিনি (বঙ্গবন্ধু) অন্যায় দেখেছেন, সেখানে তিনি প্রতিবাদ করেছেন। কী অন্যায় তিনি করেছিলেন? দেশ স্বাধীন করেছিলেন, আত্মপরিচয় এনে দিয়েছিলেন। তারপরও তাকে নির্মমভাবে হত্যা করা হলো।
প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ প্রথম প্রহরে ইপিআরের ওয়ার্লেস থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার মাটি থেকে একটি শত্রু বেচে থাকতে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন জাতির পিতা। দক্ষিণ এশিয়ায় একটা ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে জাতির জনকের নেতৃত্বে।
বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।
কেন আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয়, আর অন্যরা কেন তা পারে না, সেই বিষয়টিও বিবেচনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সরকারের উন্নয়ক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা। বলেন, আপনারা গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় যে উন্নয়নের কাজ করেছি, মানুষের কাছে তুলে ধরবেন। ভবিষ্যতের যে কাজগুলো করছি, সেগুলো তুলে ধরবেন।
৪৩ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু হত্যা, দেশে সামরিক শাসন জারি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে স্বাধীনতাবিরোধীদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, বর্তমান সরকারের আমলের উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
Sylhetnewsbd Online News Paper