২৪ মার্চ কী বার্তা দেবেন এরশাদ?

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ২৪ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ থেকে নির্বাচনি বার্তা দেবেন। দলীয় নেতাকর্মী ও দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন তিনি। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে।

মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। ঢাকার এই সমাবেশে কয়েক লাখ লোক জড়ো করতে সারাদেশে ছুটে বেড়াচ্ছেন দলটির নেতারা। এ দলের দায়িত্বশীল একাধিক নেতা জানান, অন্তত তিন লাখ লোকের সমাগম করে রাজনীতিতে আওয়াজ দিতে চাচ্ছেন এরশাদ। আর তার মনোবাসনা পূর্ণ করতে উঠেপড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাপার সিনিয়র নেতারা।

এই দিকে সমাবেশ নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, অন্তত পাঁচ লাখ নেতাকর্মী জড়ো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তবে মহাসমাবেশে কী ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য থাকতে পারে, এমন প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হু্সেইন মুহম্মদ এরশাদ বলেন, মহাসমাবেশে যেকোনও মেসেজই দিতে পারি।