সিলেট নিউজ বিডি ডেস্কঃ মডেলিং ও নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর চলচ্চিত্র নিয়ে ব্যস্ত নায়ক ইমন। এরই মধ্যে বড় পর্দার একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুঁড়িয়েছেন। তবে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে কাজ করা হয়নি এ অভিনেতার।
অবশেষে আসলো সেই সুযোগও। কলকাতার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন ইমন। বিদেশের মাটিতে এটাই বড় পরিসরে কোনো কাজ তার। বিষয়টি নিশ্চিত করেছেন ইমন নিজেই।
কৃষ পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন কলকাতার পরিচিত মুখ অভিনেত্রী শায়নী ঘোষ। বিষয়টি নিয়ে ইমন বলেন, ৫ এপ্রিল কলকাতা যাচ্ছি। একদিন গ্রুমিং করে ৬ থেকে ১২ এপ্রিল সেখানে শুটিং হবে।
ইমন আরো বলেন, কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয় ছিল। তার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে ছবি দেখে তারা আমাকে পছন্দ করেছেন। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই।
‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ এই ফিচার ছবিটির ব্যাপ্তিকাল ৬০ মিনিট। ইমন-সায়নী ঘোষ ছাড়াও অভিনয় করবেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ।
Sylhetnewsbd Online News Paper