সিলেট নিউজ বিডি ডেস্ক: বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশি মেয়েদের গোল বন্যা অব্যহত। হংকংয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমার্ধেই ছয় গোল করে মালয়েশিয়াকে কোণঠাসা করে ফেলে সাজেদা-শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে আরও চারবার গোল করে মেয়েরা।
বাংলাদেশের জয়ে শামসুন্নাহার (সিনিয়র), তহুরা খাতুন ও আনাই মোগিনি দুটি করে গোল করেন। সাজেদা, শামসুন্নাহার (জুনিয়র), আনুচিং মোগিনি ও নিলা বাকি চার গোলদাতা।অর্থাৎ, দলের সাত খেলোয়ারই গোলের দেখা পায়।
জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট নামের এই প্রতিযোগিতায় খেলছে হংকং, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইরান। আগামী শনিবার ইরানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘ওরা ১০ গোল দিয়েছে। বুঝতেই তো পারছেন কেমন খেলেছে। আমরা দল নিয়ে যতটা প্রত্যাশার করেছিলাম, প্রথম ম্যাচে তার চেয়ে ভালো খেলেছে। তবে পরের দুই ম্যাচের প্রতিপক্ষ ইরান ও হংকং শক্তিশালী। তবে আমাদের বিশ্বাস তাদের হারাতে পারবো।’
আগামীকাল শনিবার ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলার মেয়েরা।
Sylhetnewsbd Online News Paper