শিক্ষক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

সিলেট নিউজ বিডি ডেস্ক: সরকারি কলেজে শিক্ষক সঙ্কট চরম পর্যায়ে রূপ নেয়ায় বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

এজন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) চাহিদা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার মন্ত্রণালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সারা দেশে সরকারি কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে প্রায় দুই হাজার প্রভাষক পদ শূন্য রয়েছে। শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ নেয়া হলেও শিক্ষক শূন্যতায় নানাভাবে ব্যাহত হচ্ছে কলেজের শিক্ষাকার্যক্রম। সাধারণ বিসিএস পরীক্ষার মাধ্যমে যে পরিমাণ শিক্ষক নিয়োগ পাচ্ছেন তা দ্বারা শিক্ষক সঙ্কট দূরীকরণ সম্ভব হচ্ছে না।

এ কারণে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস আয়োজনের মতো শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হয়। শিক্ষা ক্যাডারে বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের প্রস্তাবের ওপর সভায় নীতিগত সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেছেন।

সভায় সভাপত্বিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন। এছাড়াও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।