সিলেট নিউজ বিডি ডেস্ক: কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে যখন সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাত শুরু হয় তখনও বিএনপি শান্তির আহ্বান না জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়ে উস্কানি দিয়েছে। তাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যে নাশকতা-অন্তর্ঘাতের উস্কানি আছে তা বুঝতে অসুবিধা হয় না। কথাগুলো বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপির উস্কানি দেওয়ার ইতিহাস রয়েছে। বিডিআর বিদ্রোহেরসময় বেগম জিয়া প্রকাশ্যে বিদ্রোহীদের উস্কানি দিয়েছেন। হেফাজতের তাণ্ডবের সময়ও বেগম জিয়া প্রকাশ্যে তাদের পক্ষে উস্কানি দিয়েছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের গুজব ছড়িয়ে উপাচার্য বাসভবনে হামলা নিয়েও কথা বলেন ইনু। বলেন, উস্কানিদাতারা লাশ এর গুজব ছড়িয়ে ছাত্রছাত্রীদের সহিংসতার দিকে ঠেলে দিতে চেয়েছিল।
তিনি বলেন, উস্কানিদাতারা লাশ চেয়েছিল। লাশ ফেলতে চেয়েছিল। আল্লাহর কাছে হাজার শোকর, তাদের ইচ্ছার পূরণ হয়নি। তারা লাশ পায়নি, লাশ ফেলতে পারেনি।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মত অন্ধ ও বধির না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বা ক্ষমতার বাইরে থাকাকালেও জনগণের কথা শুনতে পেতেন না, জনগণের দুঃখ, আহাজারি দেখতে পেতেন না। তিনি চোখে ঠুলি, কানে তুলো দিয়ে চলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাক্ষণই জনগণের দিকে তাকিয়ে থাকেন।
তিনি জনগণের মনের কথাও শুনতে পান। জনগণের দুঃখে কাঁদেন, জনগণের সুখে হাসেন। এজন্যই আমাদের প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে এত সহিংকতা-নাশকতা-অন্তর্ঘাত হবার পরও তার পক্ষ থেকে সড়ক ও সেতুমন্ত্রীকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে বসে খোলামেলা কথা বলে তাদের বক্তব্য দাবি শোনার নির্দেশ দিয়েছেন এবং কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করে দেখারও নির্দেশ দিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper