সিলেট নিউজ বিডি ডেস্ক: কিছু মেয়ে দেখে চিৎকার করছে। কিছু মেয়ে নিচে নেমে এলে তাদেরকে বলছে- ‘তেলাপোকা দেখে চিৎকার দিছে, কিছু হয় নাই। কিন্তু ফ্লোরে-সিঁড়িতে রক্ত দেখে হলের মেয়েরা একত্রিত হইছে। এর মধ্যে এশা ওই মেয়েদের নিয়ে দরজা বন্ধ করে দিছে। তারপর হলের হাউস টিউটর মেমরা এসে মেয়েটাকে হাসপাতালে পাঠাইছে এবং হলের মাঠে সব মেয়েরা তখন ক্ষ্যাপা।
এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতের পরিস্থিতি বর্ণনা করেছেন।
এ হলে কোটা সংস্কার আন্দোলনকারী উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রী মোরশেদা আক্তারকে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে মারধর করা হলে ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।
একপর্যায়ে তারা আক্রান্ত ছাত্রীকে উদ্ধার করেন এবং ছাত্রলীগ নেত্রীকে মারধরের পর একটি কক্ষে আটকে রাখেন।
এ ঘটনার খবরে বিভিন্ন হল থেকে হাজার হাজার ছাত্র মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে এসে জড়ো হন। পরে রাতভর টিএসসিতে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘হলে হলে অত্যাচার বন্ধ করো বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেয়।
এ ঘটনায় এশার বহিষ্কারের দাবিতে ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন এবং এশাকে হলের আবাসিক শিক্ষক হেফাজতে নেন।
এদিকে ছাত্রীদের নির্যাতনের ঘটনা শোনার পর ক্যাম্পাসজুড়ে মিছিল শুরু করে ছাত্ররা। জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলে বের হতে বাধা দিলে একপর্যায়ে গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন ছাত্ররা।
খোঁজ নিয়ে জানা যায়, জসীমউদদীন হল, বঙ্গবন্ধু হল, বিজয় একাত্তর হল থেকেও ছাত্ররা গেটের তালা ভেঙে রাস্তায় নেমে আসেন। অন্যদিকে ছাত্রীরা হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং তালা ভেঙে বের হয়ে আসার চেষ্টা করেন। টিএসসি, শহীদ মিনারসহ কয়েকটি জায়গায় ছাত্ররা বিক্ষোভ ও মিছিল করেন। এদিকে ছাত্রী হলের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা পাওয়ায় কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ থেকে ইফফাত জাহান এশাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের বিবৃতি দেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এশাকে প্রথমে হল থেকে ও পরে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানান ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।
ইফফাত জাহান এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
Sylhetnewsbd Online News Paper