১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ

সিলেট নিউজ বিডি ডেস্ক: সূচি অনুযায়ী ২০১৮ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু পাক-ভারতের মধ্যকার রাজনৈতক জটিলতার কারণে ভারতে হচ্ছে না এবারের এশিয়া কাপ।

এর আগে ২০১২, ২০১৪ এবং ২০১৬ টানা তিন বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশে। আয়োজক হিসেবেও দশে ১০ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারো আশা জেগেছিল পুনরায় আয়োজক হবে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর হল না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল হয়তো একই স্বাদ চতুর্থবার দিতে চায়নি দলগুলোকে।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বিরাজ করায় ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নজম শেঠি। এছাড়াও ২০১৮ সালের ইমার্জিং এশিয়া কাপের আসর যৌথভাবে অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়।

ফলে ভেন্যু পরিবর্তিত হয়ে এই আয়োজন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৮ সালের ১৩ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট।

এবারের এশিয়া কাপে এসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দল সরাসরি অংশ নেবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল ও ওমানের মধ্য থেকে একটি ধল প্লে-অফের মাধ্যমে খেলবে চূড়ান্তপর্বে।

আসন্ন আসর নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। এশিয়া কাপের প্রথম ১২ আসর ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হয়েছিল। তবে ২০১৬ সালের আসরটি হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আর আসন্ন আসরটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।