নববর্ষে নতুন পাঁচ গান

সিলেট নিউজ বিডি ডেস্ক: পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজন হয় নানা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের মাত্রা কিছুটা বাড়িয়ে দিতে এ বছর প্রকাশ পাচ্ছে নতুন পাঁচটি নববর্ষের গান। গো নিউজ পাঠকদের জন্য গান গুলোর বিস্তারিত জানানো হল:

এস ডি রুবেল
দীর্ঘ সংগীত জীবনে পহেলা বৈশাখ নিয়ে তিনটি গান শ্রোতাদের উপহার দিয়েছেন এসডি রুবেল। গান তিনটি হচ্ছে ‘রঙ্গে রঙ্গে রঙ্গিন বৈশাখ’, ‘লাল পার শাড়ির আঁচল’ এবং ‘কাঁচা মরিচ কাঁচা পেয়াজ’। কিন্তু বৈশাখের কোন গানের ভিডিও নির্মাণ করা হয়নি। এবারই প্রথম তার গাওয়া বৈশাখী গান নিয়ে রুবেল মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। নিজের লেখা ও সুরে করা বৈশাখী গান ‘এলো এলো বৈশাখ’,‘এলো নতুন দিন’,‘পুরোনো হলো মলিন’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এসডি রুবেল নিজেই।

তিনি বলেন,‘এটাকে ফিল্মি স্বাদ দিয়েছি। গানটির কথা, সুর শ্রোতাদের ভালোলাগবে। সেইসঙ্গে নাচে-গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি বৈশাখে সবার মাঝে অন্যরকম দ্যোতনার সৃষ্টি করবে। খুব যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। আশাকরি সবার খুব ভালোলাগবে এটি।’

ভিডিওতে রুবেলের সঙ্গে মডেল হয়েছেন নায়িকা পুষ্পিতা পপি। সঙ্গে রয়েছেন ত্রিশজন নৃত্যশিল্পী। বেলাল ও মোসলেমের নৃত্য পরিচালনায় রুবেলকে নাচতেও দেখা গেছে। ইউটিউবে এস ডি রুবেল ফাউন্ডেশন চ্যানেল থেকে ভিডিওটি অবমুক্ত করা হয়েছে।

কর্নিয়া
গাওয়ার সঙ্গে এবার নেচেছেনও। এর আগে বৈশাখের নানা আয়োজনে গেলে অন্যের গান গাইতে হত। এবার থেকে নিজের গান গাইবেন পাওয়ার ভয়েস’ খ্যাত গায়িকা কর্নিয়া। গানটির নাম ‘নববর্ষ’। অনুরূপ আইচের কথায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এর ভিডিও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

কর্নিয়া বলেন ‘এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। আমার কাজ গান করা। তবে নিজের গানের সঙ্গে নাচতে খারাপ লাগেনি। এর আগেও আমার গানে পারফর্ম করেছি। কিন্তু পয়লা বৈশাখ নিয়ে গান করার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। আর নাচের প্রসঙ্গে যদি বলি, নির্মাতা ও অন্যদের সহযোগিতায় গানটি সুন্দরভাবে দর্শকের সামনে হাজির করেছি। গানটি হলো আমার পক্ষ থেকে সবার জন্য নববর্ষের উপহার’।

ঐশী
ঐশীও গাইলেন বৈশাখের গান। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির নাম ‘রঙ্গিলা বৈশাখ’। গানটির সুরও করেছেন জিয়াউদ্দিন আলম । সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটি নিয়ে ঐশী বলেন, বৈশাখ এর গান মানে একটু রিদমিক না হলে কি চলে ,সেই রকম একটি রিদমিক একটি গানে কণ্ঠ দিলাম বৈশাখের নতুন গান ‘রঙ্গিলা বৈশাখ’। আশা করছি এই বৈশাখ সবাইকে মাতানো যাবে। আলম ভাই খুব ভালো একটি গান করেছে যেমন লিরিক তেমন সুর । আমার কাছে ভালো লেগেছে আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে বৈশাখের গানের যদি না নাচতে পারে তাহলে বৈশাখ মনে হয়না। বৈশাখ মানে একটু হই হুল্লোর। তাই বৈশাখের রিদমিক এ গানটি করা’।

মিলন
‘গানটি হঠাৎ করেই করা। সিডি চয়েজের জহিরুল ইসলাম সোহেল ভাই বললেন যে একটা বৈশাখ নিয়ে গান করো। তখন করলাম’ বললেন মিলন। গানটির নাম হচ্ছে ‘উৎসবের দিন’। সুর ও কন্ঠ দিয়েছেন মিলন নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন এম এম কিরণ। তিনি আরও বলেন,‘পয়লা বৈশাখ উপলক্ষে আমার অনেকগুলো গানই প্রকাশ হবে। কিন্তু বৈশাখি আমেজের কথায় যদি কোন গান না থাকে। তাহলে তো জমে না। তাই আরকি করা। এর আগে ইমরান ভাইয়ের সঙ্গেও একটি গান করেছি’।

গানটির ভিডিও আলাদাভাবে নির্মাণ করা হয়নি। তবে লিরিক্যাল ভিডিও ছাড়ার প্ল্যান আছে।

কুমার বিশ্বজিত
পয়লা বৈশাখে সোমেশ্বর অলির লেখা এবং আহমেদ হুমায়ূনের সুরে কুমার বিশ্বজিতেরও একটি গান প্রকাশ পাবে। গানটির নাম ‘বৈশাখ বৈশাখ’। গানটির কম্পোজিশন হয়েছে চেন্নাইতে। গানটি নিয়ে আহমেদ হুমায়ূন বলেন,‘এই গানটি যে করা হবে জানতামই না। অন্য আরেকটি কাজে তার বাসায় গেলাম। সে বললেন যে বৈশাখ নিয়ে একটি গান করলে কেমন হয়। ভালো একটা সুর দে তো। তারপর আসলে যত্ন করে গানটা করলাম। গানের কথার সঙ্গে গায়কী আর সুর। সব মিলিয়ে বলা যায় এই উৎসবে গানটি অন্য কোন মাত্রা দিবে’।