সিলেট নিউজ বিডি ডেস্ক: ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়ার বিরুদ্ধে মত দিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। কারণ তার মতে, ধর্ষকরাও মানুষ। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে।শিশু ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। ধর্ষণকারীদের একবার শোধরানোর সুযোগ দেওয়া উচিত।
শনিবার কেরালার কোঝিকোড়ে তার লেখা বই স্প্লিট: এ লাইফ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তসলিমা নাসরিন। তিনি আরও বলেন, কোন মানুষই ধর্ষণকারী হিসেবে জন্ম নেয় না। সমাজ এই ধর্ষণকারীদের তৈরি করে। আর সেই কারণেই আমাদের উচিত এই সমাজকে পরিবর্তন করা। সমাজের উচিত নারীদের দিকে অভিযোগের আঙুল না তুলে বা তাদের সমালোচনা না করে বরং পুরুষ মানুষকে শিক্ষিত করে তোলা। তাদের ধর্ষক না হওয়ার শিক্ষা দেওয়া।
প্রসঙ্গত, কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের এক শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা এবং উত্তরপ্রদেশের উন্নাওতে এক নাবালিকা ধর্ষণের ঘটনায় নিয়ে প্রবল আলোড়নের জেরেই ধর্ষণ সম্পর্কিত কঠোর আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। শনিবার দেশটির কেন্দ্রীয় সরকার ১২ বছরের কমবয়সী শিশুকে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে অর্ডিন্যান্স আনার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে ধর্ষণ সম্পর্কিত ইন্ডিয়ান পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, কোড অব ক্রিমিন্যাল অফেন্স অ্যাক্ট ও প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস (পকসো) আইনে সংশোধনী আনা হবে। প্রতিটি ক্ষেত্রেই অন্তর্ভূক্ত করা হবে বেশ কিছু নতুন কিছু ব্যবস্থা।
Sylhetnewsbd Online News Paper