সিলেট নিউজ বিডি ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে আইসিসি। সেখানে মুখোমুখি হবে ওয়েস্টইন্ডিজ ও বিশ্ব একাদশ। সেই ম্যাচে বিশ্ব একাশের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইসিসি জানিয়েছে তামিম ও সাকিব বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের বিশ্বসেরা স্পিনার রশিদ খানও বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি আইসিসিকে নিশ্চিত করেছেন।
তার আগে পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাও।
বর্তমানে সাকিব ব্যস্ত রয়েছেন আইপিএল নিয়ে। আর তামিম ব্যস্ত পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে। পায়ের ইনজুরি থেকে সেরে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ওপেনার। ধারণা করা হচ্ছে তিনি এর আগেই পুরো ফিট হয়ে যাবেন।
বিশ্ব একাদশের হয়ে খেলার বষিয়ে তামিম বলেন, ‘ক্রিকেট এমন একটা জায়গা যেখানে সবাইকে একত্রিত ও সেতুবন্ধন তৈরি করে। খেলোয়াড় ও দলগুলোও একে অন্যকে সমর্থন করে। এই ম্যাচটি তেমনই সাক্ষ্য দেবে এবং আমি বেশ খুশি এ কারণে যে, আইসিসি বিশ্ব একাদশে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এমন আয়োজনই ক্রিকেটকে বড় এবং আরো উন্নততর খেলা হিসেবে গড়ে তুলবে।’
তামিম আরও জানান, ‘বিশ্বব্যাপী ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়ের অবদান অসম্পূর্ণ এবং অতুলনীয়। ক্রিকেটের এই আয়োজনে যদি গত বছরের হ্যারিকেনের ক্ষতিগ্রস্ত ভেন্যু পুননির্মাণে ভূমিকা রাখেও, তবে মনে হচ্ছে ইতিবাচক ফলাফলের জন্য এটি খুবই কম। বিপরীতে যার ফলাফল হবে সুদূরপ্রসারী।’
আগামী ৩১ মে বিশ্ব একাদশের মুখোমুখি হবে ক্যারিবীয়ানরা। লর্ডসে অনুষ্ঠেয় এই ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা দেয়া হচ্ছে। কার্লোস ব্রাথওয়েইটকে অধিনায়ক করে সেই ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড। আর পুরো স্কোয়াড ঘোষণা করা হয়নি।
বিশ্ব একাদশকে নেতৃত্ব দিতে সম্মতি জানিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। এছাড়া, তাদের সঙ্গে সম্মতি জানিয়েছেন আফগান তরুণ রশিদ খান। কদিন আগেও পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলে এসেছিলেন তামিম।
তবে এখনো পূর্ণাঙ্গ একাদশ ঘোষণা করেনি আইসিসি। তবে একাদশের অন্য খেলোয়াড়দের নাম শিগগিরই প্রকাশ করবেন আইসিসি।
এ পর্যন্ত বিশ্ব একাদশের স্কোয়াড: ইয়ান মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস এবং কেসরিক উইলিয়ামস।
Sylhetnewsbd Online News Paper