আবারও দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সার্জিও আগুয়েরো বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে দোটানায় রয়েছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা যেখানে, সেই মাঝমাঠের পরীক্ষিত সৈনিক লুকাস বিলিয়াকেও এবার হারানোর শঙ্কায় পড়তে হলো দলটিকে। পিঠের মারাত্মক চোটে পড়েছেন এসি মিলানের এই ৩২ বছর বয়সী মিডফিল্ডার। শনিবার ইতালিয়ান লিগে বেনেভেনতোর বিপক্ষে এই দুর্ঘটনায় পড়েছেন বিলিয়া। দুর্ঘটনার দিনে অঘটনের শিকার হয় তার দল এসি মিলানও। পুচকে দলটির কাছে ১-০ গোলে হেরে যায় দ্য রেড অ্যান্ড ব্ল্যাকসরা।

৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বিলিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার পর মিলান জানিয়েছে, বিলিয়ার মেরুদণ্ডের অন্তত দুটি হাড় ভেঙেছে। সেরে উঠতে ঠিক কত দিন সময় লাগবে, তা নির্দিষ্ট করে পরে জানা যাবে। তবে বিশ্বকাপের আগে বিলিয়ার পুরো ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। আর্জেন্টিনার দল ঘোষণারও আর বেশি দিন বাকি নেই।

বিলিয়ার আগেই চোটে পড়ার খবর দিয়েছেন আগুয়েরো। হাঁটুর চোটে পড়েছেন তিনি। অস্ত্রোপচার করাতে হবে তাকে। এমনিতে অস্ত্রোপচার করাতে হলে সেরে উঠতে সময় লাগে বেশি। একই জায়গায় আগুয়েরো আগেও চোট পেয়েছিলেন। ফলে তাকে বিশ্বকাপে পাওয়া যাবে—এমনটা আশা করছেন না খোদ আর্জেন্টিনা ফুটবল সংস্থার চিকিৎসক হোমেরো ডি’অগাস্তিনো।

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখন ৫১ দিন বাকি। এর আগে বিলিয়ার পুরো ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আর্জেন্টিনার মূলত সমস্যা মধ্যমাঠ নিয়ে। ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে দলে না পেলে বড়সড় ধাক্কা খাবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এই দুই তারকাকে শেষ মুহূর্তে হলেও পাওয়া আশা করবে আর্জেন্টিনা-সমর্থকেরা।