সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলেও তাকে দেশে ফেরাতে সমস্যা হবে না বলে জানালেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
তার মতে, তারেক রহমান ব্রিটিশ নাগরিক হলেও বাংলাদেশি নাগরিক থাকা অবস্থাতেই তিনি অপরাধ করেছেন এবং সেই অপরাধের বিচার শেষে রায় হয়েছে। রায়ের সাজা তাকে ভোগ করতেই হবে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, উনি (তারেক রহমান) ভিসা নিয়ে গিয়েছিলেন। সেই ভিসার একটি মেয়াদ আছে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, তিনি সেখানে কীভাবে থাকছেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন এসে যায়। সেজন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেছেন যে, উনি পাসপোর্ট জমা দিয়েছেন। এখন বলা যেতে পারে, এর উদ্দেশ্য কী? হতে পারে, তিনি মেয়াদ বাড়ানোর জন্য পাঠিয়েছেন, অথবা পাসপোর্ট সারেন্ডার (ত্যাগ) করেছেন। এ সম্পর্কে আমার মনে হয় আরও কিছু তথ্য দরকার। উনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছে কিনা এবং সেই প্রেক্ষিতেই বাংলোদেশের নাগরিকত্ব বর্জন করেছেন কিনা, সেটা এখন জানার বিষয়।
তারেক রহমান যদি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার স্ট্যাটাস কী হবে, জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, যদি বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি আর এ দেশের নাগরিক থাকবেন না। তবে নাগরিকত্ব বর্জনের বিষয়টি এখনও জানার বিষয়। এটি একটি আলোচনার বিষয়। এবিষয়ে পরিষ্কার ধারণা আসবে যদি ব্রিটিশ সরকার থেকে বিবৃতি দেয়। আর বাংলাদেশ সরকার যদি তদন্ত করে বিষয়টি নিয়ে পরিষ্কার একটি ধারণা দেয় তবে বিষয়টি স্পষ্ট হবে।
Sylhetnewsbd Online News Paper