চাপ মুক্ত নাইট শিবির

সিলেট নিউজ বিডি ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের ফর্মে থাকা অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল সম্পূর্ণ সুস্থ। ইডেনে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে যে চোট পেয়েছিলেন তা থেকে তিনি পুরোপুরি মুক্ত। নাইট দল এইমূহুর্তে দিল্লিতে রয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) দিল্লিকে মোকাবেলা করবে কেকেআর।

বুধবার (২৫ এপ্রিল) রাসেল নাইটদের নেটে ব্যাটিং করার পাশাপাশি টানা বোলিংও করেছেন। সুতরাং নাইট শিবিরে একটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। কারণ, চলতি আইপিএলে রাসেল দুরন্ত ফর্মে রয়েছেন। এই মূহুর্তে ফর্মের বিচারে দলে প্রতিটি ম্যাচেই রাসেল ‘অটোমেটিক চয়েস’। তাকে ছাড়া নাইট রাইডার্স ভাবা যায় না। রাসেল সুস্থ হয়ে ওঠায় নাইট শিবিরের চাপ কাটল।

দ্বিতীয় কারণ হল। শুক্রবার কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের সামনে আর গম্ভীর বনাম কার্তিক হবে না। কারণ, বুধবারই (২৫ এপ্রিল) দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। তার বদলে নাইট রাইডার্সের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন অপেক্ষাকৃত তরুণ শ্রেয়স আইয়ার। গম্ভীরের সরে যাবার সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে কেকেআর শিবির। কারণ নাইটদের অন্দরমহল সম্পর্কেও জানতেন সাবেক কাপ্তান।