সিলেট নিউজ বিডি ডেস্ক: আজ বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আয়নাবাজি সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এ নায়িকা। গত বছরের শেষ দিকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি।
গত সোমবার জমকালো আয়োজনে সেরেছেন গায়ে হলুদ। গায়ে হলুদের অনুষ্ঠানে বেশ রঙিন সাজেই হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। চট্টগ্রামের সাতকানিয়ায় তার গ্রামের বাড়ি হলেও জন্ম এবং বেড়ে ওঠা সৌদি আরবের জেদ্দায়।
একই ঘটনা ঘটেছে তার হবু বর নেত্রকোনার ছেলে জোবাইদুল হকের বেলাতেও। সৌদি আরব থেকে দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন তিনি।
দীর্ঘদিনের সম্পর্কের জেরে দুই পরিবারের সম্মতিতেই বেশ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। আজ ২৬ এপ্রিল গুলশানের একটি কনভেশন সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠানের মতো আজ বিবাহোত্তর সংবর্ধনায় দুই পরিবারের মানুষজনের পাশাপাশি উপস্থিত থাকবেন শোবিজ জগতের বিভিন্ন তারকারা।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরের দিনই নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। তবে হানিমুনে নয়, বরং বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।
Sylhetnewsbd Online News Paper