সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথের শাস্তি অনেকটাই কঠোর হয়েছে বলে মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। বুধবার চিন্নস্বামী স্টেডিয়ামে এবিডি’র ৩০ বলে ৬৮ রানের ইনিংসের পরও কিংসদের বিরুদ্ধে জিততে পারেনি রয়্যালরা। কিন্তু এই মরশুমের আইপিএলে এবিডি’র ধারাবাহিক পারফরমেন্স প্রশংসিত হচ্ছে সব মহলে।
অজি-প্রোটিয়া টেস্ট সিরিজে বল বিকৃতিতে জড়িয়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন স্টিভ স্মিথ। ওই বিতর্কিত টেস্ট সিরিজের অংশ ছিলেন এবি ডি’ভিলির্য়াসও। বুধবার রয়্যালদের ম্যাচের পর এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবিডি জানান, ‘পুরো ঘটনাটা জটিল আকার নিয়েছে। বিষয়টা এমন এক জায়গায় পৌঁছেছে যেখান অভিযুক্ত অজি ক্রিকেটাররা ব্যক্তিগতস্তরে কষ্ট পেলেন। আমার ওদের জন্য খারাপ লাগে৷বিশেষ করে স্মিথের জন্য কষ্ট হয়। ও অনেকটাই কঠোর শাস্তি পেয়েছে।’
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ম্যাচ চলাকালীন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের বল বিকৃত করার ঘটনা টিভি ক্যামেরাতে ধরা পড়ে।পরে জানা যায় এই ঘটনায় জড়িয়ে রয়েছেন দলের অধিনায়ক স্মিথ এবং সহ অধিনায়ক ওয়ার্নারও। সাংবাদিক সম্মেলনে এসে পুরো ঘটনা স্বীকার করে নেন তিন অজি ক্রিকেটার। ‘স্যান্ড পেপারগেট’ নামে পরিচিত এই বল বিকৃতির ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বিশ্ব ক্রিকেটে৷ এরপরই স্মিথ ও ওয়ার্নারকে ১ বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস ক্রিকেট থেকে নির্বাসন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
Sylhetnewsbd Online News Paper