সিলেট নিউজ বিডি ডেস্ক: লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ড্র’ই যথেষ্ট ছিল৷ তবে বার্সেলোনা লিগ খেতাব নিশ্চিত করে নিজস্ব ভঙ্গিতেই। লিওলেন মেসির দুরন্ত হ্যাটট্রিকে ভর করে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে উড়িয়ে দেয় বার্সা। কাতালান ক্লাবের ২৫ নম্বর লা লিগা জয়ের সঙ্গে সঙ্গে সুনিশ্চিত হয়ে যায় আগামী মৌসুমে দেপোর্তিভোর অবনমনও। এ নিয়ে ২৫ বার লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা।
গত দশ বছরে এই নিয়ে সাতবার লা লিগা খেতাব উঠল বার্সেলোনার ঘরে। নিজেদের চার ম্যাচ বাকি থাকতেই বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা। লিগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা। ৩৪ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ২৬টিতে। ড্র হয়েছে ৮টি ম্যাচ৷ ৩৪ রাউন্ড শেষে বার্সেলোনার সংগৃহীত পয়েন্ট ৮৬। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট তুলেছে। যার অর্থ তারা বাকি তিনটি ম্যাচ জিতলে এবং মেসিরা শেষ চারটি ম্যাচ হারলেও বার্সেলোনাকে ধরা সম্ভব নয় অ্যাতলেটিকোর পক্ষে। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে রয়েছে ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট।
দেপোর্তিভোর বিরুদ্ধে ম্যাচের শুরুটা এগিয়ে যায় বার্সেলোনা। সপ্তম মিনিটে দেপোর্তিভোর ডি-বক্সে ডান প্রান্তে থাকা ওউসমানে ডেম্বেলেকে পাস দিয়ে ভেতরে ঢোকেন মেসি। ততক্ষণে বার্সার মিডফিল্ডার ফিলিপে কুতিনহো সুবিধাজনক জায়গায় পৌঁছে গেলে তার দিকে বল বাড়িয়ে দেন ডেম্বেলে। দেপোর্তিভোর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে কোনাকুনিভাবে বল জালে জড়িয়ে দেন সাবেক লিভারপুল তারকা কুতিনহো (১-০)। ১৭তম মিনিট টের স্টেগানের অসাধারণ সেভে রক্ষা পায় বার্সা। তবে ঠিক তখনই অফসাইডের ফাঁদে পড়ে দেপোর্তিভোর একটা গোল বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে সুয়ারেজের পাস থেকে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন মেসি। ৪০ মিনিটে লুকাস পেরেজের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দেপোর্তিভোকে ২-২ গোলের সমতায় ফেরান চলাক। ৬৪ মিনিটে বোর্জেসের ক্রস থেকে গোল করেন তিনি। ম্যাচের বাকি সময়টা মেসি ম্যাজিকে আচ্ছন্ন থাকে দেপোর্তিভো। ৮২ মিনিটে আবার সুয়ারেজের পাস থেকেই গোল করেন মেসি। ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন তারকা। এবারও তাকে গোলের পাস বাড়ান উরুগুয়েন সতীর্থ।
লিগ জয়ের উচ্ছ্বাসে বার্সেলোনা ফুটবলার ও সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ চোখে পড়লেও বিষাদের সুরও ছিল স্পষ্ট। ইনিয়েস্তা আগেই জানিয়ে দিয়েছেন যে বার্সায় এটাই তার শেষ মৌসুম। তাই লিগ জয়ের পর ইনিয়েস্তাকে নিয়ে বার্সা সতীর্থদের আবেগঘন মুহূর্তের ক্যামেরার কল্যাণে চোখে পড়ে। সমর্থকরাও বহু যুদ্ধের নায়ককে যথাযোগ্য সম্মান জানান। অন্যদিকে দেপোর্তিভো সমর্থকদের চোখে জল ছিল অবনমনের জন্য।
Sylhetnewsbd Online News Paper