অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রয়োজন ছাড়া অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না বলে জানালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালের শুটিং করতে গিয়ে শ্বেতা স্পষ্ট জানিয়েছেন, গল্পের প্রয়োজনে হলে ঠিক আছে, সেই সঙ্গে যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া খুব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারব না। ধারাবাহিকের সহ অভিনেতার সঙ্গে অযথা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কোনো মানে হয় না।

শ্বেতা আরও জানিয়েছেন, মেগা ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তিনি কোনো ‘স্লিভলেস’ পোশাকও পরতে পারবেন না। একটি জনপ্রিয় বাংলা মেগা ধারাবাহিকের অনুকরণে ভারতীয় একটি চ্যানেলে হিন্দি রিমেক শুরু হয়েছে। বাংলা সিরিয়ালে যখন কোনও ঘনিষ্ঠ দৃশ্য নেই, হিন্দির রিমেকেও তাই ঘনিষ্ঠ দৃশ্যের কোনও প্রয়োজন নেই বলে মনে করেন এই অভিনেত্রী।

তার কথায়, ‘সিরিয়াল ঘরের মা, বোনরা দেখেন। তাদের সামনে এমন কোনো দৃশ্যে অভিনয় করব না, যেটা দেখতে গিয়ে চ্যানেল ঘুরিয়ে দিতে হয়। এটা তো সিনেমা নয়। তাই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমার ভাল লাগে না। যে পোশাকে আমায় ভাল লাগে, সেই পোশাক পরেই অভিনয় করব। অশ্লীল পোশাক পরব না। আমি তো ক্যাটরিনা কাইফ নই।’

পরিচালক-প্রযোজকদের উদ্দেশ্য করে শ্বেতা বলেন, ক্যারিয়ারের প্রথম দিকে একজন বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে খোলামেলা পোশাক পরতেই হয়। আমি জানিয়েছিলাম, অভিনয়ের জায়গায় যদি পোশাককেই বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে অভিনয় আমি ছেড়ে দেব।’ কারও সঙ্গে এ বিষয়ে মত বিরোধ করতে চাই না।