সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে সভ্যতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপরাশনের (ওআইসি) প্রতিনিধিরা।
তারা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক অন্য সংস্থার পাশাপাশি জোরালো ভূমিকা রাখবে ওআইসি।
শুক্রবার দুপুরে সরেজমিনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওআইসির সহকারী মহাসচিব হাসমি ইউছুফ।
এদিন বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখান থেকে কুতুপালং ডি ব্লক পরিদর্শন করেন। সেখানে তারা নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন।
এর আগে সকাল সোয়া ৯টায় ওআইসির প্রতিনিধিদের বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এরপরই ওআইসি প্রতিনিধি দল কলাতলীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ও আরআরআরসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে তারা সড়ক পথে ক্যাম্প পরিদর্শনে যান।
বৈঠকে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা ৩৮ দেশের মন্ত্রী ও ৮ পররাষ্ট্র সচিবসহ ৬৮ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
Sylhetnewsbd Online News Paper