সিলেট নিউজ বিডি ডেস্ক: একদিনের ব্যবধানে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আরও ৫ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা রয়েছেন। বাকি চারজন হলেন-হলেন সুজন চাকমা, প্রণব চাকমা, সেতু চাকমা ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক মো. সজীব।
এর আগে বৃহস্পতিবার রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।
জানা গেছে, শুক্রবার সকালে একটি খোলা জিপে করে কয়েকজন খাড়গাছড়ির মহালছড়ি উপজেলা থেকে নানিয়ারচর আসছিল। তারা গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ফিরছিলেন। জিপটি বেতছড়ি এলাকায় আসলে সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ছয়জন আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
৩ মে গুলিতে নিহত রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। এই হত্যাকাণ্ডের পর আতঙ্কে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Sylhetnewsbd Online News Paper