বাংলাদেশ-আফগান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রথমে ওয়ানডে খেলার কথা থাকলেও পরে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) ও আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারতের দেরাদুনে অনুষ্ঠিত সিরিজটি আফগানদের হোম সিরিজ হিসেবে বিচেচিত হবে। ইতোমধ্যে সিরিজের ভেন্যু আর সূচিও চূড়ান্ত হয়ে গেছে। দেরাদুনে ভারতের নবনির্মিত স্টেডিয়ামে জুনের প্রথম সপ্তাহে টাইগাররা এই সিরিজটি খেলবে বলে নিশ্চিত হওয়া গেছে।

এই সিরিজে অংশ নিতে আগামী ৩১ মে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। একদিন করে বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি-
প্রথম ম্যাচ -৫ জুন
দ্বিতীয় ম্যাচ- ৭ জুন
তুতীয় ও শেষ ম্যাচ- ৯ জুন
সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেরাদুনে।

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ সিরিজের পরই ভারতের বিপক্ষে আফগানদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এর আগে কেবল একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানদের মোকাবেলা করেছিল টাইগাররা। ম্যাচটিতে তাদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

তবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এখন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়েই রয়েছে আফগানিস্তান। ৮৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের অষ্টম অবস্থানে তারা। ৭৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দশম।

র‌্যাঙ্কিংয়ে উপরে থাকা আফগানদের হারিয়ে নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ আছে টাইগারদের সামনে।র‌্যাঙ্কিংয়ের উন্নতি করার ভাবনা থেকেই ওডিআই ম্যাচের বদলে টি-২০ খেলতে আগ্রহ জানায় বিসিবি।