সিলেট নিউজ বিডি ডেস্ক: বেশ কিছুদিন যাবতই শুনছি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন হবে! এর সুবিধা কি কিংবা এটা দিয়ে কি হয় নিজেকে প্রশ্ন করে কোন উত্তর পাচ্ছিলাম না। বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকায় ঘাটাঘাটি করে এর সুবিধা শুনে অবাক হলাম।
নিশ্বাস না ছেড়েই অনায়াসে বলা যায়, এর মাধ্যমে বিশ্বদরবারে আইসিটি খাতে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে গেল। বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম স্যাটেলাইট উৎক্ষেপনকারী দেশ। প্রতি বছর বাংলাদেশ এটা থেকে প্রায় ৫০ লক্ষ মার্কিন ডলার আয় করবে।
আগামী ১০ই মে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।
বর্তমানে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। এটি উৎক্ষেপনের মাধ্যমে দেশের চ্যানেলগুলো সিঙ্গাপুরের তুলনায় আরও কম ভাড়ায় সম্প্রচারিত হবে। এতে দেশের টাকা দেশে থাকবে।
টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ প্রায় ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে।
এমনকি যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ট্যারিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে।
এই দূরদর্শী ও বিজ্ঞানমনস্ক পরিকল্পনার জন্য নাগরিক হিসেবে সরকারকে ধন্যবাদ জানাই। এমন সফল পরিকল্পনা অনেক উন্নত দেশও করতে পারে নি।
লাল-সবুজের পতাকাটি এখন থেকে মহাকাশে ভেসে বেড়াবে এমন দৃশ্য কল্পনা করে সত্যিই গর্বিত অনুভব করছি।
লেখক,কলামিস্ট ও সংগঠক
আব্দুর রশিদ খান রাশেদ
ব্যবস্হাপনা সম্পাদক
সিলেট নিউজ বিডি ডট কম

Sylhetnewsbd Online News Paper