সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ মে) বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর উৎক্ষেপণ করা হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে বৃহস্পতিবার দিনটি হবে মহাকাশে বাংলাদেশের ডানা মেলার দিন।
এরই মধ্যে সোমবার সকালে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ প্রতিনিধি দল।
যাত্রকালে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে শাহজাহান মাহমুদ বলেন, ৪ মে টেস্ট অ্যানালাইসিস শেষ হয়েছে। সবই ঠিক আছে, তারপরও নিশ্চিত কিছু বলা যাবে না। এটি স্যাটেলাইট উৎক্ষেপণের ধর্ম এবং আন্তর্জাতিকভাবেই স্বীকৃত নিয়ম। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মে বিকেল ৪টায় (যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইস্টার্ন টাইমজোন) উৎক্ষেপণ করা হবে বলে স্পেসএক্স বিটিআরসিকে জানিয়েছে।
এরআগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায় (বাংলাদেশ সময় ৮ মে) মহাকাশে যাত্রা করার কথা ছিল স্যাটেলাইটটির। তবে কারিগরি ত্রুটি ও আবহাওয়া প্রতিকূলে থাকায় নির্ধারিত দিনে মহাকাশে যাত্রা করতে পারেনি স্যাটেলাইটটি।
৪ মে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
এদিকে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ অনুষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে দেশব্যাপী মাঠ পর্যায়ে সরাসরি সম্প্রচারের নির্দেশনা দিয়েছে সরকার।
১০ মে বিকাল ৪টায় (যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইস্টার্ন টাইম জোন) বাংলাদেশ সময় দিবাগত রাত অর্থাৎ ১১ মে ভোর ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটব্যাপী উৎক্ষেপণ হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
টেলিযোগাযোগ বিভাগ জানায়, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উৎক্ষেপণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। সরাসরি সম্প্রচারের জন্য উদ্যোগ নিতে শুরু করেছে মাঠ প্রশাসন। চিঠি পেয়ে ভেড়ামারা উপজেলা প্রশাসন জানিয়েছে, ১০ মে রাত ১০টা হতে তারা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। সবাইকে এ অনুষ্ঠান উপভোগ করারও অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
Sylhetnewsbd Online News Paper