সিলেট নিউজ বিডি ডেস্ক: সারাদেশে বাজ্রঘাতে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে হবিগঞ্জে ৬জন, রাজশাহীতে ২, মানিকগঞ্জে ২, কুমিল্লায় ২, কিশোরগঞ্জে ২, গাইবান্ধায় এক, নারায়ণগঞ্জে এক, সুনামগঞ্জে ৩, নীলফামারীতে ২জন, সিরাজগঞ্জে একজন, ময়মনসিংহে একজন, মুন্সিগঞ্জে এক জামালপুরে এক এবং নরসিংদিতে একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪৪জন।
হবিগঞ্জ:
বুধবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং, নবীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ধান কাটা শ্রমিকসহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে আরো অন্তত ৯জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৬০), নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের নারায়ণ পাল (৪০), আমড়াখাই গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫), লাখাই উপজেলার তেঘরিয়ায় সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮)।
রাজশাহী:
রাজশাহীতে সকালে বৃষ্টির সময় হওয়া বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। উপজেলার ধুবইল মাঠের গভীর নুলকূপ অপারেটর সোহাগ (১৮) ও বাতাসপুর বিলে ধান কাটার সময় আনসার আলী (৩২) ব্রজাঘাতে নিহত হন।
মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। সকালে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার হাসাদিয়া গ্রামে ইয়াকুব আলী শেখ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া দৌলতপুরের কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাত স্কুলছাত্র।
নীলফামারী :
নীলফামারী জলঢাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে জেলাজুড়ে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় বজ্রপাত তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের আসমা বেগম (৫০) ও কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের নূর আমিন (৪৫)।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ ২জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ (৩৮)।
শাহজালাল করিমগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং ছাতিরচর গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে।
গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে মহর আলী (৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহর আলী উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। মহর আলী পেশায় একজন শ্রমিক ছিলেন।
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতেতে কুলফি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার মহজমপুর তিলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলফি আক্তার শাহ কামালের মেয়ে এবং বাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিষয়টি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ আলম নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ:
সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)। তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের নুর হোসেন(২৮) নামের এক কৃষক।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কাজিপুর বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাকিল মিয়া নামের এক স্কুলছাত্র আহত হয়েছেন। নিহত সমতুল্লাহ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের পৃথক স্থানে বজ্রপাতে আরো ১২ জন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চরে এ ঘটনা ঘটে। মৃত মো. হাবিবুর রহমান (৪৭) মৌলভীর চরের মৃত আব্দুল মজিদের ছেলে।
নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে পিয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের চরতারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া একই উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দি উচ্চ বিদ্যালয় ভবন ঘেঁষে একটি বজ্রপাত হয়। এ সময় বিদ্যালয়ে পাঠগ্রহণ অবস্থায় বিভিন্ন শ্রেণির ১৫ জন শিক্ষার্থী আহত হয়।
কুমিল্লা:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বজ্রপাতে সেলিম (১৭) ও ইমন (১৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।বৃষ্টির সময় জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সেলিম ও ইমন মারা যায়। সেলিম যাত্রাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং ইমন একই গ্রামের আবদুল হামিদের ছেলে।
মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মো. কামাল হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে এই ঘটনা ঘটে। কামাল ঠাকুরাগও জেলার গাছিডাঙ্গা গ্রামের মো. আকবর আলীর ছেলে।
Sylhetnewsbd Online News Paper