সিলেট নিউজ বিডি ডেস্ক: বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় ঢাকাসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচী শেষে শাহবাগ অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার পৌনে ১টার দিকে তারা শাহবাগ মোড়ের সবগুলো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এরপরই সড়ক অবরোধে করে ফেলেন আন্দোলনকারীরা।
সকালের মিছিল থেকে ‘আর নয় কালক্ষেপন দিতে হবে প্রজ্ঞাপন’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’, ‘কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর কয়েক দফায় আল্টিমেটাম শেষে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এরইমধ্যে সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে।
এ ছাড়া রাজশাহী, কুমিল্লা, সিলেট থেকেও আন্দোলনের খবর পাওয়া গেছে।
গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সোমবার বেলা ১১টা পর্যন্ত এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এই প্রজ্ঞাপনের দাবিতেই এখন আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
Sylhetnewsbd Online News Paper