সিলেট নিউজ বিডি ডেস্ক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, এটি স্থানীয় সরকার নির্বাচন। সবার নজর এই নির্বাচনের প্রতি। যতটুকু হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।
মঙ্গলবার বিকেলে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, কেসিসির ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে, বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা ৩৫ জন পর্যবেক্ষক নিয়োগ করেছিলাম, তাদের কাছ থেকে টেলিফোন এবং বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি, তিনটি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। গণমাধ্যমে যে অনিয়ম এবং ব্যালটে সিল মারার ছবি দেখানো হয়েছে, তা-ও ওই তিনটি কেন্দ্রের।
নির্বাচনে অনিয়মের বিষয়ে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, একটি দল অভিযোগ করতেই পারে। কিন্তু আমরা কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হয়েছে।
ভোট কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, এটা তদন্ত করে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, ২৮৬টি কেন্দ্রের মধ্যে দু’টিতে ভোট হয়েছে ইভিএমে। এরমধ্যে ওই দু’টি কেন্দ্রের ফলাফলও ঘোষণা হয়ে গেছে। অবশিষ্ট ২৮৪টি কেন্দ্রেরও ভোট গণনা চলছে।
ইসি সচিব বলেন, যেখানে অনিয়ম হয়েছে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট এবং আমাদের কর্মকর্তারা গিয়ে বিষয়টির সুরাহা করেছেন।
Sylhetnewsbd Online News Paper