সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নেই। শ্রীলঙ্কায় আগের ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ ছিলেন অন্তর্বর্তীকালিন কোচ। খালেদ মাহমুদ সুজন ম্যানেজার। আবার দলেও বরাবর তার কিছু ভূমিকা থাকে। তার আগে হোমিসিরিজে যেমন ছিলেন সমন্বয়কের মতো ভূমিকায়। জুনে ভারতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। আর ওই সিরিজে বাংলাদেশ দলে তেমন পরিবর্তনের পক্ষে নন সুজন।
কথা উঠেছে দলে নতুন স্পিনার নেওয়ার। তবে শনিবার যখন মিরপুরে এই প্রসঙ্গটা এলো তখন ওটাতে তেমন কথাই খরচ করলেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। বিসিবির বর্তমান এই পরিচালক ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন বললেন, ‘নতুন স্পিনার নিয়ে ওভাবে বসা হয়নি…। যারা পারফর্মার, ভালো খেলছে তাদের থেকেই দল হবে। আমি মনে করি, এখানে আমাদের অনেক তরুণ আছে। শ্রীলঙ্কা সিরিজেও অনেক তরুণ খেলেছে। কিন্তু নিদাহাস ট্রফি থেকে সম্ভাব্য সেরা দল নিয়েই আমরা খেলব। ওখান থেকে পরিবর্তন করা দরকার হলে দু’ একটা টিউন করা হবে। আমি মনে করি না, খুব বেশি পরিবর্তন হওয়া জরুরি বা হবে। আমার মনে হয়, কন্ডিশনকে মাথায় রেখে যতটুকু করা দরকার সেটাই করা হবে।’
জাতীয় প্রাথমিক দলের ক্যাম্প শুরু হয়েছে ক’দিন হলো। এখন আলোচনা মূলত আফগানদের স্পিন আক্রমণ সামলানো নিয়ে। যেখানে দুই টিনএজার স্পিনার আছেন বিশ্বমানের। একজন প্রতিষ্ঠিত রশিদ খান। অন্যজন হালে উঠে আসা আরো কমবয়সী মুজিবুর রহমান। কিন্তু এই প্রতিপক্ষ নিয়ে এতো বেশি ভাবনার সুযোগ দিতে রাজি নন সুজন। তাছাড়া টি-টুয়েন্টিতে আফগানরা বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সেটাকে অনেক বড় করে দেখার মানুষ নন তিনি। বাংলাদেশকেই এগিয়ে রাখবেন সব অবস্থায়।
‘আমরা অবশ্যই নিজেদের সম্ভাব্য সেরা দল খেলানোর চেষ্টা করব। ভারতের কন্ডিশিনে খেলা, গরম থাকবে।’ সুজন বলছিলেন, ‘ওদের স্পিনও ভালো। সবাই জানে, এই ফরম্যাটে আফগানিস্তান দারুণ একটা দল। তবে আমি মনে করি, আফগানিস্তানকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা যথেষ্ট ভালো করছি, আশা করছি এই সিরিজেও দারুণ ক্রিকেট খেলব।’
Sylhetnewsbd Online News Paper