সিলেট নিউজ বিডি ডেস্কঃ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমানতালে অভিযানও চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শীর্ষক র্যাবের দেশব্যাপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আমাদের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ-র্যাব সর্বত্র অভিযান পরিচালনা করছে এবং এটা সবসময় চলবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সর্বত্র প্রচারণাসহ যা যা করা দরকার সবকিছু করা হবে। পাশাপাশি অভিযান চলবে। জনগণকে সম্পৃক্ত করে যে কোনো মূল্যে মাদক রুখে দাঁড়াবো।
সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যপী ১০ লাখ পোস্টার-লিফলেট বিতরণের কথা জানিয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে জাতিগত যুদ্ধ করতে হবে। ৭১ সালের পর বিভিন্ন ঐক্যবদ্ধ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এবারও আশা করি এর একটা ভালো ফলাফল পাবো, মানুষ বিজয়ী হবে।
Sylhetnewsbd Online News Paper