সিলেট নিউজ বিডি ডেস্ক: চুনোপুটিদের না মেরে মাদকের মূল সম্রাটদের নাম প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি।
আওয়ামী লীগের এমপি বদিকেই ইঙ্গিত করে খন্দকার মোশাররফ বলেন, মাদকের সম্রাটরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা ও কর্মী। সরকারের এমপি, যাকে সারা দেশের মানুষ চেনে মাদকের সম্রাট হিসেবে। তাকে ধরার পরিবর্তে ফুলের মালা পরানো হয়েছে।
তিনি বলেন, মাদকবিরোধী এই অভিযানের অন্য উদ্দেশ্য আছে। এর মাধ্যমে বিরোধীদের দমনের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড দিয়ে মাদক নির্মূল হবে না। দেশে আইন আছে। আইনের অধীনে বিচার করা যায়।
এদেশে কোনো ইয়াবা তৈরি হয় না উল্লেখ করে মোশাররফ বলেন, সরকার যদি আন্তরিক হতো তাহলে সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ করতে পারত না। মূলত এর সঙ্গে সরকারের এমপিরা জড়িত। আগে তাদের ধরুন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জনগণকে বাইরে রেখে নির্বাচন করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে মোশাররফ বলেন, সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না, জনগণ তা মানবে না। সরকার যদি ২০১৪ এর মতো নির্বাচনের দিকে অগ্রসর হয় তাহলে জনগণ রাস্তায় নেমে তাদের সামনে দাঁড়াবে।
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Sylhetnewsbd Online News Paper