সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর এমন ম্যাচটিতে স্পিনই হতে পারে সিরিজ নির্ধারক। বর্তমান ক্রিকেটবিশ্বে একাই দাপট দেখাচ্ছেন আফগান তরুণ রশিদ খান। তার স্পিন বিষে দিশেহারা তাবড় তাবড় ব্যাটসম্যানেরা। তবুও এ ডিপার্টমেন্টে আফগানদের চেয়ে অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে বাংলাদেশ। এমনটাই জানালেন টাইগার স্পিনার নাজমুল ইসলাম অপু। সুযোগ আসলে সাকিব আল হাসানের যোগ্য সঙ্গী হিসেবে নিজেকে উজাড় করে দিতেও প্রস্তুত এ বাঁহাতি।
মঙ্গলবার (২২ মে) দুপুরের রোদ উপেক্ষা করে মিরপুরে হঠাৎ বৃষ্টি। বন্ধ অনুশীলন। তবে থামানো গেলো না টাইগারদের। মাঠ থেকে বের হয়ে ইনডোরে চললো নিবিড় প্রস্তুতি।
বৃষ্টি থামতেই ডাক পড়লো সবার। মূল মাঠে প্রস্তুত সুজন-ভিল্লাভারায়েন। দুই পিচে এক সঙ্গে চললো পেস ও স্পিন বলে ব্যাটিং। টি-টোয়েন্টি বলেই হয়তো মার-কাটারি ব্যাটিংয়েই বেশি আগ্রহ সৈকত-রিয়াদদের। মাঝে মাঝে করলেন বেশ কিছু ভ্যারিয়েশনও।
আলাদাভাবে অনেকক্ষণ অনুশীলন করেছেন অপু ও মিরাজ। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন লেগ স্পিনার। পালাক্রমে সব ব্যাটাররাই মুখোমুখি হলেন তাদের। দেরাদুনে স্পিনটাই যে হতে পারে ফলাফল নির্ধারক।
সাকিবের সঙ্গে আরেকজন স্পিনারের অভাব দীর্ঘদিন ধরেই। অনেকেই এসেছেন, তবে থিতু হতে পারেননি কেউ। বিষয়টা জানা আছে অপুরও। নিদাহাস ট্রফিতে বাংলাদেশ নেচেছে অপুর নাগিন নাচে। তবে ফাইনালে হেরে পূর্ণতা পায়নি তা। সেই আক্ষেপের অবসান কি তবে দেরাদুনে হবে?
প্রসঙ্গত, ২৯ মে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে লড়াই শুরু হবে বাংলাদেশ। র্যাঙ্কিং ইস্যুতে সিরিজটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে থাকা বাংলাদেশ যদি আফগানিস্তানকে (র্যাঙ্কিংয়ে ৮ম) সিরিজ হারাতে পারে তবে তালিকায় (র্যাঙ্কিং) কিছুটা হলেও উন্নতি ঘটবে।
Sylhetnewsbd Online News Paper