সিলেট নিউজ বিডি ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রতিবছর ১৪০ মিলিয়নের মতো খরচ করে। নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে এটি এখন থেকে সাশ্রয় হবে। এছাড়া আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ খরচ উঠে আসবে, এর পর থেকে যা হবে তা লাভ। এসময় যে সকল দেশে ফুট প্রিন্টিং আছে সে সকল দেশের সাথে ব্যবসায়িক আলাপ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, ব্যবসায়িক দিকটিতো দৃশ্যমান লাভ। আরেকটি লাভ হলো আমরা বিশ্বের ৫৭ তম স্যাটেলাইট দেশ হয়েছি। এটি একটি জাতীয় গৌরবের বিষয়। আর একটি রাজনৈতিক দল বিএনপি এই জাতীয় গৌরবের অংশিদার হতে পারতো বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ধন্যবাদ জানিয়ে। কিন্ত তারা তা পারেনি। এটি একটি অদ্ভুদ রাজনৈতিক কালচার। বিএনপি দলীয় চিন্তা চেতনার উর্দ্ধে উঠতে পারেনি।
তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। নবম ওয়েজবোর্ডের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভূক্ত করার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। আগামী দুই তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিটিভির মান উন্নয়নের জন্য তথ্য মন্ত্রণালয় বিশেষ একটি পরিকল্পনা গ্রহণ করেছে। বিটিভির মান উন্নয়ন কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে বিটিভির সংবাদসহ সকল আনুষ্ঠানের মান আগের চেয়ে অনেক ভাল হবে। বিটিভিতে আর কোনো সুপারিশের আনুষ্ঠান প্রচার হবে না।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংবাদপ্রত্র ও টিভিতে বেশি বেশি প্রতিবেদন প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময়কালে সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তথ্য প্রতিমন্ত্রী সেসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper