মাইলফলক গড়া হলো না সাকিবের

সিলেট নিউজ বিডি ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনাল ম্যাচটার আগে সাকিব আল হাসান এবং মাহেন্দ্র সিং ধোনি দুজনই দাঁড়িয়ে ছিলেন একটা মাইলফলকের সামনে। ১১তম আসরের শিরোপাটা জিতবেন যিনি তিনিই হাতে তুলতেন আইপিএলের তৃতীয় ট্রফি। শেন ওয়াটসনের দাপটে সাকিব পারলেন না। ফলে তৃতীয়বারের মতো শিরোপা উঠলো ধোনির হাতে। এর আগে সাকিব নাইট রাইডার্সের হয়ে দুইবার শিরোপা জয়ের সাদ পেয়েছিলেন। অন্যদিকে ধোনি চেন্নাইয়ের হয়ে দু‘বার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

মুম্বাইয়ের মাঠে রোববার (২৭ মে) ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে ১৭৮ রান। জবাবে ওয়াটসনের দুর্দান্ত এক অপরাজিত শতকে আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।

ওয়াংখেড়েতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। এদিন ব্যাট হাতে দারুণ শুরুর পর ২৩ রান করেন। ১৫ বলে দুই চার আর এক ছয় হাঁকিয়ে ফিরে যান তিনি। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইউসুফ পাঠানের সংগ্রহ ছিল যথাক্রমে ৪৭ ও অপরাজিত ৪৫ রান।

বল হাতে সাকিব এদিন নিষ্ক্রিয়ই ছিলেন। নিজের প্রথম ওভারেই ১৫ রান দিয়ে থাকেন উইকেট শুন্য। যার কারণে উইলিয়ামসন আর বোলিংয়েই আনেননি বাংলাদেশি অলরাউন্ডারকে।

নিজেদের ইনিংসে একটু মন্থর শুরু করলেও ওয়াটসন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে চেন্নাইয়ের জয়ের তরী ভিড়িয়েছেন বন্দরে। ৫৭ বলে ১১ চার আর আট ছক্কায় অপরাজিত ১১৮ রান তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কারও।