বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমরা অনেক দূর এগিয়েছি : রাষ্ট্রপতি

সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের ৭ বিশিষ্ট শিল্পীর হাতে শিল্পকলা পদক তুলে দিয়েছেন রাষ্ট্রপতি অবদুল হামিদ। সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিল্পকলা পদক-২০১৭ প্রদান উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে এ পদক প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু, কিশোর ও যুবকদের কুসংস্কার, সাম্প্রদায়িকতা, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃংখলা ও জাতীয়তার চেতনা বিকাশে সহায়তা করবে।

রাষ্ট্রপতি বলেন, তার দৃঢ় বিশ্বাস যে, সাংস্কৃতিক কর্মকাণ্ড আগামী প্রজন্মকে আধুনিক, সংস্কৃতিমনা ও সৃষ্টিশীল হিসেবে গড়ে তুলতে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিল্পী সমাজের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, জাতির প্রয়োজন ও সংকটের সময় সাংস্কৃতিক কর্মকান্ড সাহসী ভূমিকা পালন করে আসছে। এসময় তিনি বিশ্ব অঙ্গনে নিজস্ব সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা অর্জনে আমরা অনেক দূর এগিয়েছি।

রাষ্ট্রপতি পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ শিল্পকলা পদকে ভূষিত হলেন। আমি আশা করি, এই পুরস্কার আপনাদের নিজ নিজ অঙ্গনে আরো অবদান রাখতে উৎসাহিত করবে।

‘শিল্পকলা পদক-২০১৭’পেয়েছেন- মিহির পাল (কণ্ঠসঙ্গীত), মোহাম্মদ আলাউদ্দিন মিয়া (যন্ত্রসঙ্গীত), এসএম মহসীন (নাট্যকলা), কাঙ্গালিনী সুফিয়া বেগম (লোকসংস্কৃতি), চন্দ্রশেখর দে (চারুকলা), নাসির আলী মামুন (ফটোগ্রাফি) ও শর্মিলা বন্দ্যোপাধ্যায় (নৃত্যকলা)।

পদকপ্রাপ্তরা প্রত্যেকে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ পান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’প্রদান করা হচ্ছে।