৩৮তম ও ৩৯তম বিসিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

মঙ্গলবার ২৯ মে সকালে পিএসসির বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। আমরা ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। পাশাপাশি ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য আমরা কাজ করছি। তবে কবে এই ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

৩৯তম বিসিএস চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস। পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।