খালেদা জিয়ার জামিন স্থগিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় নাশকতার দুই মামলায় হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সঙ্গে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার এর ওপর শুনানি করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পূর্ণাঙ্গ বেঞ্চ।

সোমবার (২৮ মে) দুপুরে জামিনের বিরুদ্ধে আপিল আবেদনের পর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

এর আগে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আদেশ দিয়েছিলেন। তবে একই বেঞ্চ নড়াইলের মানহানির একটি মামলায় তার আবেদন খারিজ করেন।