ভেঙেই গেল অর্জুন জেসিয়ার ২০ বছরের সংসার

সিলেট নিউজ বিডি ডেস্ক: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রেম, বিয়ের গুঞ্জন, বিয়ে, অতঃপর বিচ্ছেদ এ ধরনের ঘটনা মিডিয়া জগতে নতুন কিছু নয়। আগে থেকেই সেলিব্রেটিদের বিবাহ বিচ্ছেদ হয়ে অাসছে। যদিও বিগত কয়েক বছর সেটি স্বাভাবিক মাত্রাকেও অতিক্রম করেছে।

তবে শুধু মিডিয়া জগতের তারকা দম্পতিই নয়, আনুপাতিক হারেই বাড়ছে বিয়ে-বিচ্ছেদের ঘটনা। পরকীয়া, সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাস, সেক্রিফাইস, ঠিকমতো সময় না দেয়া। এসব কারণেই বাড়ছে বিচ্ছেদ। হলিউড-বলিউড থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন ঘটনা ঘটছে অহরহ।

সেই ধারাবাহিকতায় বলিউডের আরো একটি দাম্পত্য জীবনে বাজল ভাঙনের সুর। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হলো বলিউড অভিনেতা অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার ২০ বছরের সংসারজীবন।

এ মাসের মাঝামাঝি শোনা যায়, হৃতিক রোশন-সুজান, ফারহান আখতার-অধুনা আর আরবাজ খান-মালাইকার পর আরেকটি সম্পর্ক ভাঙনের পথে। বলিউডে একের পর এক পুরোনো দাম্পত্য সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তখন শোনা গেছে, অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার দাম্পত্য সম্পর্ক টালমাটাল। এমনকি তারা দুজন আলাদা থাকছেন। সেই গুঞ্জনই এবার সত্যি হলো।

আজ বিচ্ছেদ নিয়ে বোম্বে টাইমসকে দেওয়া এক যৌথ বিবৃতিতে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া জানান, ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা। আমরা দুজন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করি।

এখন এমন একটা সময় এসেছে, তাই এসব জানাতেই হচ্ছে। তবে আমরা আলাদা থাকলেও একজন আরেকজনের প্রয়োজনে পাশে থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা আর মায়রার জন্য।’