সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। কলকাতায় বেশ জনপ্রিয়তা রয়েছে তার। কাজও করছেন সমান তালে। সর্বশেষ দর্শকরা নুসরাত ফারিয়াকে দেখতে পায় ‘ইন্সপেক্টর নটি কে’ শীর্ষক ছবিতে।
এরপর ‘পটাকা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি। যার ভিডিওতে বেশ নাচিয়েছেন তিনি। গানটির জন্য হতে হয়েছে সমালোচিত।
গানের পর জানা গেল আবারো নুসরাত ফারিয়ার নতুন ছবির খবর। কলকাতার একটি নতুন ছবিতে তিনি কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘ডি ফর ড্যান্স’। ছবিটি প্রযোজনা করবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। ছবিটি পরিচালনা করবেন বাবা যাদব। তবে ছবিটি নিয়ে ফারিয়া এখনই কোনো মন্তব্য করতে চাননি।
ফারিয়া জানান, “নতুন ছবির খবর খুব শিগগিরই জানাবো। চমক থাকবে একটা।”
এর আগে নুসরাত ফারিয়া-অঙ্কুশ জুটি হিসেবে অভিনয় করেছেন ‘আশিকী’ ছবিতে। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বাইরে এটাই হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার প্রথম কাজ।
অঙ্কুশের বিপরীতে এ ছবিতে অভিনয় করার কথা ছিল কলকাতার সায়ন্তিকার। কিন্তু শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান নুসরাত ফারিয়াকে নির্বাচন করে।
Sylhetnewsbd Online News Paper