ছুটির দিনে তারকারা কে, কোথায় কি করছেন?

দিনটির জন্য ৬ দিন অপেক্ষা করতে হয় কর্মজীবী মানুষগুলোকে। চলছে শুক্রবার ছুটির দিন। তবে সবার আবার এ দিনটিতে ছুটি থাকে না। সরকারি ভাবে যদিও সাপ্তাহিক ছুটি, বেসরকারি ভাবে এই দিনটিকে কিন্তু কর্মদিবস হিসেবে ধরা হয়।

এই ছুটির দিনে তারকারা কে, কোথায় কি করছেন? এই প্রশ্ন আসতেই পারে পাঠকের মনে। সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন জনপ্রিয় কয়েকজন তারকা।

তিশা:
শুক্রবার যে বন্ধের দিন এটাই অনেক সময় মনে থাকেনা আমার। তবু আজ কোন শুটিং নেই। গেল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলাম। এখন আর বাসায় না থেকে কিছু ব্যক্তিগত কাজ করে ফেলব। কারণ কাল থেকে আবার ঈদের নাটকের শুটিং আছে।

জান্নাতুল পিয়া:
বন্ধ কবে থাকে এটা ভুলে গিয়েছি অনেক আগে। তারিখটা খেয়াল রাখতে হয় কারণ কাজের জন্য ওয়াদাবদ্ধ হওয়া। আজকেও কাজের মধ্যেই আছি। বিকালে ফটোশুট আছে। আর একটা অনুষ্ঠানের রির্হাসাল করতে হচ্ছে। এই নিয়ে আজকে ব্যস্ততা আমার। তবে ছুটি থাকলে বাজারে যেতাম। মাছ-তারকারী কিনতাম। বাসায় এসে রান্না করতাম। ছুটির দিনটা পরিবারের জন্য রান্না করতে পছন্দ করি।

আরিফিন শুভ:
বাসায় আছি। আজকে কোন শুটিং নেই। ঘুমাচ্ছিলাম সকাল থেকে। বউ বাসায় নেই। বিকালে বের হওয়ার ইচ্ছে আছে। বউয়ের অফিস শেষ করে কল দিবে। একটু খোঁজ নিতে হবে সিনেপ্লেক্সে কি সিনেমা চলছে। ইফতারির পর সেদিকে যাওয়া হতে পারে। রাতে বাইরে খাবো। বাসায় আসবো। আপাতত এই প্ল্যান। আজ ফুল ডে অফ। তবে আমাদের শুক্র আর শনিবার নেই।

নুসরাত ফারিয়া:
শুটিং তো নেই। এখন পড়াশুনার দিকে একটু বেশি মনোযোগি হয়েছি। আজকে বাসার ইফতারি তৈরী করবো বলে ভাবছি। রাতে কাজিনদের সঙ্গে বের হবো। ওদের জন্য মার্কেটিং করতে হবে। শুটিং থাকলে তো আর কথা নেই। তখন শুক্রবার হয়তো জুমার টাইমে একটু রেস্ট পাওয়া যেত। বাকিটা সময় তো শুটিংয়ে ব্যস্ত। যখন সিনেমার শুটিং চলে, তখন টানা হয়তো বিশদিন চলে। তখনকার দিনের কথা আলাদা। তবে শুক্রবার ছুটির দিন বিধায় বাসার অন্যরা বাসায় থাকেন। আমার পরিবারের বেশিরভাগ সদস্যই তো সরকারী চাকুরীজীবি। তাদের সঙ্গে সময় কাটাই।

মাহিয়া মাহি:
রোজা আছি। সারাদিন বাসায় থাকবো। বউ-জামাই মিলে রান্না করবো। সন্ধ্যার পর বের হতে পারি। আমার ছুটির দিন সাধারণত বাসাতেই থাকা হয়। তবে আমার আবার ঘোরারোগ আছে। হুটহাট এদিক সেদিক চলে যাই। আমরা যারা শোবিজে কাজ করি। তাদের আসলে কোন বন্ধের দিন নেই। টানা এক সপ্তাহ হয়তো বাসায়। আবার টানা একমাস ঢাকার বাইরে শুটিং।