৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার (১২ জুন) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর সাড়ে ১টা ৩০ মিনিটে পিএসসির ১২তম বিশেষ সভায় ৩৭ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল পিএসসি কর্তৃক অনুমোদিত ও প্রকাশিত হয়।

এবারের বিসিএসে ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এতে সাধারন ক্যাডার হয়েছেন ৪৬৫ জন,স্বাস্থ্য ক্যাডারে ৩২৩ এবং কারিগরি ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৫২৬ জনকে সুপারিশ করা হয়েছে।

পিএসসির www.bpsc.gov.bd এই ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। Format : PSC37Registration Number Send to 16222।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।