সিলেট নিউজ বিডি ডেস্ক: ম্যারাডোনার উত্তরসূরিদের ক্রোয়েশিয়া হারাল ৩-০ ব্যবধানে। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে শেষ ১৬ তে পৌঁছে গেল রাকিতিচ-মদ্রিচরা। অন্যদিকে আইসল্যান্ডের কাছে ড্র’য়ের পর এবার ক্রোয়েশিয়ার কাছে লজ্জার হার আর্জেন্টিনার। মাঠে বসে মেসিদের এই হার দেখলেন দিয়াগো ম্যারাডোনা। ক্রোয়াশিয়ার হয়ে গোল করেছেন রাকিতিচ, মদ্রিচ ও রেবিচ।
প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও গোল পায়নি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার কেউই। ওই অর্ধে আর্জেন্টিনার সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন এনসো পেরেস। ৩১তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও জালে পাঠাতে পারেননি এই মিডফিল্ডার।
পরের মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন মারিও মানজুকিচ। খুব কাছে থেকেও অরক্ষিত অবস্থায় থাকা এই ফরোয়ার্ড লক্ষ্যে রাখতে পারেননি হেড।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোল হজম আর্জেন্টিনার। গোলরক্ষকের মারাত্নক ভুলে ০-১ পিছিয়ে পড়ল মেসিরা। ৫৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ক্রোয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলার রেবিচের পায়ে বল এগিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। সেই আত্মহত্যাতেই গোল হজম করে পিছিয়ে পড়ল মেসিরা।
৬৪তম মিনিটে গনসালো হিগুয়াইনের কাটব্যাকে মাক্সিমিলিয়ানো মেসির শট ফিরিয়ে ক্রোয়েশিয়ার ত্রাতা গোলরক্ষক দানিয়েল সুবাসিচ।
৮০তম মিনিটে মদ্রিচের দুরন্ত শটে ২-০ এগিয়ে যায় ক্রোয়েশিয়া।
ছয় মিনিট পর রাকিতিচের ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে ফিরলে তখন ব্যবধান বাড়েনি। তবে যোগ করা সময়ে গোলের দেখা পান বার্সেলোনায় মেসির সতীর্থ এই মিডফিল্ডার
রাকিতিচ-মদ্রিচদের আলো ছড়ানোর দিনে ম্লান মেসি-আগুয়েরোরা। শুরু থেকেই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা তাদের রক্ষণভাগ। এদিন ছিল তারা আরো এলোমেলো। ক্রোয়েশিয়ার শক্তিশালী মিডফিল্ড তার পুরো সুবিধা কাজে লাগিয়ে উড়িয়ে দিল হোর্হে সাম্পাওলির শিষ্যদের।
আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই সময়ে আইসল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
Sylhetnewsbd Online News Paper