সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। এই জল্পনাই দীর্ঘদিন ধরেই তুঙ্গে। বিশেষ করে এই তারকাদের বিয়ে কোথায় অনুষ্ঠিত হবে? কেনাকাটা কেমন করছেন? প্রস্তুতি কেমন। এইসব খবর নিয়েই ব্যস্ত ভারতীয় সংবাদ মাধ্যম।
সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ নভেম্বরই গাঁটছড়া বাঁধছেন এই জুটি। এরই মধ্যে নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি করে ফেলেছেন তারা।
একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছে, বিয়ের দিনক্ষণ নির্ধারণের জন্য যথেষ্ট সময় নেয়া হয়েছে। রণবীর ও দীপিকা দুজনই চাইছেন তাদের বিয়েটা ঠিকঠাক ভাবে সম্পন্ন হোক। তাদের পিতামাতার কাছে ১০ নভেম্বর এ জুটির বিয়ের জন্য উপযুক্ত তারিখ মনে হয়েছে। সম্প্রতি বিয়ের দিনটি নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে অনেকটা গোপনেই বিয়ে করেন ভারতীয় শোবিজ অঙ্গনের আরেক আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ইতালিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শোনা যাচ্ছে, এ জুটির পথেই হাঁটবেন রণবীর-দীপিকা।
উল্লেখ্য, রণবীর-দীপিকার প্রেমের গুঞ্জন অনেক পুরোনো হলেও চলতি বছরের শুরুতে তা নতুন করে শুরু হয়। শোনা যায়, দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। এ সময় তাদের পরিবারের সদস্যরাও নাকি উপস্থিত ছিলেন। তবে এ ধরনের গুঞ্জন অস্বীকার করেন রণবীর-দীপিকা।
Sylhetnewsbd Online News Paper