সিলেট নিউজ বিডি ডেস্ক: নরসিংদীর রায়পুরায় অভাবের তাড়নায় দুই সন্তানকে হত্যার পর তাদের পিতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার ২২ জুন ভোরে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত কাজল মোল্লা (৩২), তাঁর মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লার (৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অভাব-অনটনের জের ধরে কাজল মোল্লা তার দুই সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছেন।
নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, কাজল তিন বছর ধরে আমাদের বাড়িতে থাকে না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুরবাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাত। মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসত খোঁজখবর নিতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের দেখে সন্ধ্যার পর চলেও যায়।
শুক্রবার ২২ জুন সকালে খবর পাই, আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে সে আত্মহত্যা করেছে। দৌড়ে গিয়ে দেখি, নোংরা পরিবেশে বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে সন্তান দুটির লাশ পড়ে আছে এবং একটি গাছে সে ঝুলে আছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে।
Sylhetnewsbd Online News Paper