ছিটকে পড়লো চ্যাম্পিয়ন জার্মানি

সিলেট নিউজ বিডি ডেস্ক: বুধবার (২৭ জুন) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। কোরিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি জার্মানির জন্য ছিল বাঁচা-মরার। যে কোন মূল্যে জিততেই হতো তাদের। অন্যদিকে আগেই বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল কোরিয়ার।

এক কথায় বলা যায় এটাই এই বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন।

‘এফ’ গ্রুপে ভীষণ জটিল সমীকরণের মধ্যে পড়েছিল চার দল। শেষ ষোলোয় উঠতে কাজানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে নিজেদের কাজটা সেরে রাখতে হতো জার্মানিকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হতো মেক্সিকো-সুইডেন ম্যাচের ফলেও। ইয়েকাতেরিনবুর্গে সুইডেন ৩-০ ব্যবধানে মেক্সিকোকে হারানোয় জার্মানির জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়ে। কোরিয়ার বিপক্ষে জিততেই হতো জার্মানিকে। কিন্তু জোয়াকিম লোর শিষ্যরা এই কাজটাই করতে পারলেন না!

জার্মানির এই অবিশ্বাস্য বিদায়ে একটি ধারাবাহিকতা বজায় থাকল। ২০০২ বিশ্বকাপ থেকে ইউরোপের দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। জার্মানি এবার সেই ধারাটাই বজায় রাখল। বিশ্বকাপের ইতিহাসে এর আগে জার্মানি কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। ব্যতিক্রম শুধু ১৯৩৮ বিশ্বকাপ। সেবার টুর্নামেন্ট শুরুই হয়েছিল শেষ ষোলোর নকআউট পর্ব থেকে। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে সেবার বাদ পড়েছিল জার্মানি।

‘এফ’ গ্রুপের শেষ দিনে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল মেক্সিকো। সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল জার্মানি ও সুইডেন। কিন্তু সুইডেন নিজেদের ম্যাচটা জিতে শেষ ষোলোয় উঠেছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ‍+৩ গোল ব্যবধান দলটির। সুইডেনের সমান ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে মেক্সিকো। আর জার্মানি ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চতুর্থ দল হয়ে বিদায় নিল বিশ্বকাপ থেকে।