সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়- সেই প্রত্যাশা করেছেন বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।
দুপুরের দিকে যুক্তরাজ্য হাইকমিশনারের বাসায় রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিয়ে ওই সংবাদ সম্মেলন হয়। এতে বাংলাদেশের জাতীয় ও সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যেখানে সব দল ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে।
নির্বাচনে সব দলের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মার্ক ফিল্ড বলেন, লন্ডনে বিএনপি প্রতিনিধির সঙ্গে তাঁর কথা হয়েছে। বাংলাদেশের স্বার্থে দলটিও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ওই আলোচনায় বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলের প্রসঙ্গটি এসেছে।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিপীড়নের দায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাজ্য।
মার্ক ফিল্ড বলেন, রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে চলে এসেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এ নিয়ে আলোচনা হচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকা কী হবে, জানতে চাইলে মার্ক ফিল্ড বলেন, মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় এ ক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। তাই এ নিয়ে দেশটির পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
Sylhetnewsbd Online News Paper